ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিয়েভ ও ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের মধ্যে আলোচনা শুরু করতে সহায়তার আহবান জানিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এক ত্রিমুখী টেলিফোন আলাপে ওলাঁদ ও মার্কেল জড়িত সকল পক্ষকে বৈরিতা পরিত্যাগ করার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দু’পক্ষের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে সহায়তা করার আহবান জানান।

বিবৃতিতে বলা হয়, ওলাঁদ ও মার্কেল ইউক্রেনের নতুন পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো শুক্রবার একতরফাভাবে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি ঘোষণার পর দেয়া পুতিনের বিবৃতি বিবেচনায় নিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, তারা অস্ত্র ও অস্ত্রধারীদের অনুপ্রবেশ এড়াতে রাশিয়া-ইউক্রেন সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার গুরুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

পুতিন রোববার ইউক্রেনের নেতৃত্ব ও বিদ্রোহীদেও প্রতি সত্যিকার সংলাপের আহবান জানান।

পুতিন বলেন, কিয়েভের সামরিক অভিযান বন্ধ করা উচিত এবং বিচ্ছিন্নতাবাদী পূর্বাঞ্চলে রুশ ভাষা-ভাষীদের অধিকার সুরক্ষিত করা উচিত। সূত্র: বিএসএস

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ