স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে শতশত ‘গোপন আটক’ আর ‘গুম’র অভিযোগকে হিউম্যান রাইটস ওয়াচ-এর ‘নেতিবাচক প্রচারণা’ দাবি করলেও সংস্থাটি তাদের অভিযোগকে সত্য বলে দাবি করেছে।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ‘তিনি আমাদের কাছে নেই: বাংলাদেশে গোপন আটক আর গুম' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে ‘সত্য’ বলে দাবি করেছে ওই মার্কিন মানবাধিকার সংস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে কয়েকশ' মানুষ গুম কিংবা গোপন আটকের শিকার হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন বিরোধী নেতাও রয়েছেন। সংস্থাটির প্রতিবেদনে অন্তত ৯০ জনের তথ্য রয়েছে, যারা কেবল ২০১৬ সালেই গুম হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে এক সপ্তাহ বা একমাস গোপন স্থানে আটকে রাখার পর আদালতে হাজির করা হয়েছে।
২০১৭ সালের প্রথম পাঁচ মাসে এরকম ৪৮ জনের নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে, বলছে হিউম্যান রাইটস ওয়াচ। তাদের কাছে তথ্য থাকার দাবি করে সংস্থাটি বলছে, এরকম আটক ২১জনকে পরে হত্যা করা হয়েছে আর নয়জনের কোন তথ্যই জানা যায়নি।
প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন, ‘মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা করেছে এই সংগঠনটি।
তাদের বর্তমান প্রতিবেদনটিও সেই প্রচারণার অংশ।’ এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এইচআরডব্লিউ তাদের বিবৃতিতে বলছে, ‘না বাংলাদেশ, সত্য বলার মানে ‘নেতিবাচক প্রচারণা’ নয়।
এমএনজে





