ভারত মহাসাগরের ইন্দোনেশিয়া উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ ক’জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, জরুরি অবস্থা জারি করা হয়েছে সুমাত্রা দ্বীপে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বুধবার (২মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ারা সিবার্তু থেকে ৬৬২ কিলোমিটার দূরে এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ১২২৭ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ভূমিকম্পটি আঘাত হানে। ১৫ সেকেন্ডব্যাপী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০কিলোমিটার গভীরে। এটি অনুভূত হয়েছে সিঙ্গাপুরেও।

এদিকে, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহ প্রদেশে সুনামি সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া সংস্থা। সুনামি সতর্কতা জারি করা হয়েছিল অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলেও। তবে তা আবার প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে, ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে পশ্চিমসুমাত্রার মেনতাবাই দ্বীপের বাসিন্দাদের। আর জানমালের নিরাপত্তায় জরুরি অবস্থা জারি করা হয়েছে সুমাত্রায়।

এমআইএস/কেবি