বর্তমান জো বাইডেন প্রশাসনের প্রায় সব পদে রদবদল ঘটালেও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসনকে স্বপদে বহাল রাখতে চান তিনি। সোমবার জনসনকে স্পিকার হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। বিবিসি।
নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, স্পিকার মাইক জনসন একজন ভালো, পরিশ্রমী ও ধার্মিক মানুষ। তিনি সঠিক কাজ করবেন এবং আমরা জিততে থাকব। মাইকের জন্য আমার সম্পূর্ণ অনুমোদন রয়েছে। জনসনও ট্রাম্পের সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।
এক্সে তিনি লিখেছেন, ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আমি বরাবরের মতোই আপনার সমর্থনে সম্মানিত হয়েছি। আমরা একসঙ্গে আপনার যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করব। আমাদের দেশে নতুন স্বর্ণযুগের সূচনা করব। আসুন কাজ শুরু করি। এদিকে পৃথকভাবে প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্কও জনসনকে সমর্থন করেছেন।
তিনি এক্সে জানিয়েছেন, আমিও একই রকম চিন্তা করি। আপনার প্রতি (জনসন) আমার পূর্ণ সমর্থন রয়েছে।
তবে জনসনের সামনের পথটি কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। নভেম্বরের সাধারণ নির্বাচনের পর আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের নতুন অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরবর্তী স্পিকার হিসাবে কাকে ভোট দেওয়া হবে তা নিয়ে রিপাবলিকান শিবিরে উত্তেজনা চলছে। বর্তমান স্পিকার হিসাবে জনসনই সবচেয়ে সম্ভাব্য প্রার্থী। তবে চলতি মাসের শুরুর দিকে বাজেট বিল পাসের বিষয়ে তার ভূমিকায় রিপাবলিকান ককাসের বিভক্তি প্রকাশ পেয়েছে। তার নেতৃত্বের ওপরও এর প্রভাব পড়তে পারে। প্রতিনিধি পরিষদে লুইজিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করছেন জনসন। হাউস স্পিকারের পদে বহাল থাকতে হলে জনসনকে রিপাবলিকানদের সব ভোট পেতে হবে।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প।
এনএইচ





