নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি শহরে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার সময় বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ইয়োব প্রদেশের দামাতুরু শহরে এই বোমা হামলা চালানো হয়।

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের খেলা দেখতেই ওই জায়গায় সমবেত হয়েছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দামাতুরুর জেনারেল সানি আবচা হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এই হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

দামাতুরু শহরের ওই স্থানে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ চলাকালে অজ্ঞাতপরিচয় হামলাকারী একটি বোমা ফেলে পালিয়ে যায় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। অপরদিকে আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন অন্যরা।

কোনো ব্যক্তি বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাঁচ বছর ধরে দেশটিতে চলে আসা ইসলামীপন্থী সংগঠন বোকো হারামের বিদ্রোহের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে দামাতুরু ও ইয়োব প্রদেশ।

দেশটির উত্তরপূর্বাঞ্চলের আদামাওয়া এলাকার অপর একটি ফুটবল বিশ্বকাপ দেখার স্থানে হামলার ঘটনার জন্যেও বোকো হারামকে দায়ি করেছে কর্তৃপক্ষ। ওই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন।

এ ধরণের হামলা এড়াতে ফুটবল বিশ্বকাপ দেখতে জনগণকে সমবেত হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন নাইজেরিয়ার সরকার।

আফ্রিকার অনেক দেশেই ফুটবল পাগল ভক্তরা বাড়ির বাইরে বিভিন্ন কেন্দ্রে একত্রিত হয়ে বিশ্বকাপ ফুটবল উপভোগ করে থাকেন। অনেক সময় দোকানে বা রাস্তার পাশেই টেলিভিশন রেখে সরাসরি সম্প্রচারিত খেলা উপভোগ করে থাকেন সমবেত ফুটবলপ্রেমীরা। সূত্র : বিবিসি

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ