যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সেনাবাহিনীকে বিরোধী নেতা ও স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে মেনে নিতে আহ্বান জানিয়েছেন। অন্যথায় তাদের জীবন ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলবে বলে সতর্ক করে দেন। এএফপি ও রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার ফ্লোরিডার মিয়ামিতে এক সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, তাঁদের কাছে সামরিক কর্মকর্তাদের জন্য খবর আছে যে মাদুরোকে ক্ষমতায় রাখার চেষ্টা চলছে।
ট্রাম্প বলেন, ‘আজ এবং ভবিষ্যতের প্রতিটি দিন আপনাদের ওপর পুরো পৃথিবীর নজর রয়েছে এবং থাকবে। এখন আপনারা যে পরিস্থিতির সম্মুখীন, সেখান থেকে পালানোর সুযোগ নেই। আপনারা পরিবার ও দেশবাসীর সঙ্গে শান্তিতে বসবাস করতে চাইলে গুয়াইদোর উদাত্ত আহ্বান গ্রহণ করতে পারেন। অথবা আপনাদের সামনে দ্বিতীয় পথ খোলা রয়েছে। মাদুরোকে সমর্থন দিয়ে যেতে পারেন। আপনার যদি এ পথ বেছে নেন, তাহলে আপনাদের সামনে কোনো নিরাপদ ভবিষ্যৎ নেই, বের হওয়ার সহজ কোনো দরজা নেই এবং কোনো পথও নেই। আপনরা সবই হারাবেন।’
তবে ট্রাম্পের এমন বক্তব্যকে ‘নাৎসি ধরনের’ বলে অভিহিত করেছেন মাদুরো।তিনি বলেছেন, ট্রাম্পের আচরণ দেখলে মনে হয় তিনি ‘ভেনেজুয়েলার মালিক’ এবং এর ‘নাগরিকেরা তাঁর দাস’।
এম বিল্লাহ





