জাকার্তা: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার অদূরে আজ শনিবার ৬.১ মাত্রার এক ভূমিকম্প হয়েছে। তবে এতে সুনামির কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৫১৪) মধ্যাঞ্চলীয় জাভা প্রদেশের উপকূলীয় শহর আদিপালা থেকে ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দক্ষিণ-দক্ষিণপূর্বে ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার প্রধান কারিগরি কর্মকর্তা সুহারজোনো এএফপিকে বলেন, ‘এ ভূমিকম্পে সুনামির কোন সম্ভাবনা নেই এবং এখন পর্যন্ত আমরা হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাইনি।’
২০১৩ সালের জুলাই মাসে আচেহ প্রদেশের সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটে ও কয়েক হাজার লোক গৃহহীন হয়ে পড়ে।
ঢাকা, জানুয়ারি ২৫ (টাইমনিউজবিডি. কম)// টিআই