মার্কিন যুক্তরাষ্টের আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে। খবর বিবিসি’র।
দুপুরের পরই আমেরিকা রাজধানী শহরে এই নাটকীয় দৃশ্যে দেখা যায় - শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়ছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।
কয়েক ঘণ্টা ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে।
এই শোরগোলের মধ্যে বাইডেনের জয় অনুমোদন করার জন্য কংগ্রেস অধিবেশন স্থগিত করা হয়।
হামলা চলাকালে ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র তাক করার খবর পাওয়া গেছে এবং অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়।
পরে গুলিবিদ্ধ হয়ে একজন নারী মারা গেছেন বলে জানানো হয়।
ওয়াশিংটনে কারফিউ জারি
সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্ফু জারি করা হয়েছে।
আজ (০৭ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে এই কারফিউ কার্যকর থাকবে।
ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা
হামলার প্রেক্ষিতে ফেসবুক ঘোষণা করেছে যে তারা আগামী ২৪ ঘণ্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজ থেকে কোন পোস্ট অনুমোদন করবে না।
এর আগে টুইটারও ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দিয়েছে।
এখন পর্যন্ত ১৩ জন গ্রেফতার
ক্যাপিটল হিলের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওয়াশিংটন ডিসি’র মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে তারা বিভিন্ন ধরণের অন্তত ৫টি বন্দুক জব্দ করেছে।
পুলিশ বিভাগের প্রধান জানিয়েছেন আহত কয়েকজন পুলিশ অফিসারকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমবি





