পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে পোল্যান্ডের নবনিযুক্ত অনাবাসী রাষ্ট্রদূত থমাস লুকাজুক। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে পোল্যান্ডের অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা লাভের পর পোল্যান্ড ছিল দ্বিতীয় ইউরোপীয়ান রাষ্ট্র যে ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বর্তমান রাষ্ট্রদূতের কর্মকালে দুই দেশের মধ্যে বিদ্যমান কুটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারিত হবে। বিশেষ করে পরিবেশবান্ধব কয়লাভিত্তিক প্রকল্প পরিচালনায় পোল্যান্ডের অভিজ্ঞতা বিনিময় ও কারিগরি সহায়তা বাংলাদেশের জন্য লাভজনক হবে। এ বিষয়ে রাষ্ট্রদূত লুকাজুকও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করেন।

এ সময় পোল্যান্ডে প্রায় ৯০ ভাগ কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের কথা উল্লেখ করে- বাংলাদেশে কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণে তার দেশ সহায়তা প্রদানে সক্ষম এবং আগ্রহী বলে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন থমাস লুকাজুক।

এ ছাড়া পোল্যান্ড বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা শিল্প, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরও অধিক সম্প্রসারণে আগ্রহী। সামনের দিনগুলোতে বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে পোল্যান্ড হতে বাংলাদেশে সেদেশের সরকারি, সংসদীয় ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও পররাষ্ট্র মন্ত্রীকে জানান লুকাজুক ।

পররাষ্ট্রমন্ত্রী পোল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তার দায়িত্ব পালনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের নিশ্চয়তা দেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

ইআর