৩০ নভেম্বরের মধ্যে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের সুপারিশেই  রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে আড়াইআনী পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন, নালিতাবাড়ী নবনির্মিত থানা ভবন ও ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ সদস্য নিয়ে আমরা মিয়ানমারে গিয়েছিলাম। আমাদের সঙ্গে ১০ দফা একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী আমাদের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে ৩০ নভেম্বরের মধ্যে। সেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সব সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ও মিয়ানমারের সমসংখ্যক সদস্য দ্বারা গঠিত হবে এবং তারা সিদ্ধান্ত নেবে কীভাবে মিয়ানমারের নাগরিকরা তাদের দেশে ফিরে যাবে।  ওয়ার্কিং গ্রুপের সুপারিশ অনুযায়ীই রোহিঙ্গারা ফেরত যাবে।

এরপর বিকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাসচন্দ্র মাঝি, জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এমএ