ফেনীর পরশুরাম উপজেলার বিলোনীয়া সীমান্ত থেকে আটকের প্রায় আড়াই মাস পর দুই শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশ তাদের হস্তান্তর করে বলে জানান, ফেনী ৪ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম ইফতেখার।

বিজিবি কর্মকর্তা শামীম বলেন, গত ৩ এপ্রিল খেলতে গিয়ে বিলোনীয়া চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকে পড়লে সেদেশের পুলিশ ওই দু্ই শিশুকে ধরে নিয়ে যায়। পরে তাদের পরিবার থেকে জানানো হলে কয়েক দফা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি।

“৭১ দিন পর পুলিশের কাছে ওই দুই শিশুকে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।” এ সময় বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বিজিবির মাধ্যমে তাদের সমাজসেবা অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

এফএফ