জমি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীর তানোর উপজেলার সাদীপুর গ্রামে জামাই পক্ষের লোকজন শ্বশুর পক্ষের সমর্থকদের ১২টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শাদিপুর গ্রামের শ্বশুর আব্দুস সাত্তারের পক্ষের আলাউদ্দিন, সাদিকুল, ইব্রাহিম, জহুরুল, রায়হান ও রেজাউলের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই সঙ্গে সেরাজুল, এনামুল, মনিরুল ও আলমের বাড়ি ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে শ্বশুর আব্দুস সাত্তারের পক্ষের লোকজনের বাড়িতে হামলা করে জামাই জুবায়ের ইসলামের লোকজন।

বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে দমকল বিভাগের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে মন্ডুমালা তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এর আগে গত মঙ্গলবার জামাই ও শ্বশুর গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উজ্জ্বল কুমার ঘোষের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই