রাজশাহীতে অপহৃত খন্দকার মাহাফুজ (২৫) নামে এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। খন্দকার মাহাফুজ নগরীর শিরোইল কলোনী এলাকার হাজী রজব আলী খন্দকারের ছেলে।
আটক চার অপহরণকারী হলেন, নগরীর মহিষবাথান এলাকার মিজানুর রহমানের ছেলে মাহফুজুর রহমান রনি (২৬), দাশপুকুর এলাকার আজিমুদ্দিনের ছেলে সালাউদ্দিন টগর (২৪), আলীগঞ্জ এলাকার মৃত আমির আলীর ছেলে জামিল আহমেদ (২৫) এবং হড়গ্রাম পীরসাহেব পাড়া এলাকার মৃত আয়েন উদ্দিনের ছেলে আবু সুফিয়ান সম্রাট (২৬)।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে মাহাফুজকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে দুর্বৃত্তরা।
এরপর তারা অপহৃত মাহাফুজের পরিবারের সদস্যদের কাছে মুঠোফোনে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি বলেন, অপহৃতের পরিবারের সদস্যদের অভিযোগের পর বুধবার দুপুরে লক্ষ্মীপুর এলাকার একটি বাড়ি থেকে মাহাফুজকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত থাকার দায়ে চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





