রাজশাহীর মোহনপুরে তিন দিনের তাবলিগ ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে শনিবার (১ নভেম্বর)। মোহনপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইজতেমার শুক্রবার (৩১ অক্টোবর) দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।
এদিন লাখো মুসল্লি একসঙ্গে জুম্মার নামাজ আদায় করেন।
জুম্মার নামাজে অংশ নিতে সকাল ১০টা থেকে রাজশাহী, বাগমারা, মান্দা, তানোর, পবা ও নওগাঁসহ আশপাশের জেলা ও উপজেলার মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে থাকেন।
নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুস সামাদ, মোহনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুল হামিদ, পুলিশ পরিদর্শক সাকিল উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
তাবলিগের রাজশাহী মারকাজের মুরব্বি আলহাজ জাহেদ আলী জানান, আগামী ৭, ৮ ও ৯ জানুয়ারি ১ম ধাপ এবং ১৩, ১৪, ১৫ জানুয়ারি ২য় ধাপের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রাক এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব ইজতেমার আগে দেশের ১২টি জেলায় এরকম প্রাক-প্রস্তুতি ইজতেমা হবে। এরই মধ্যে কুড়িগ্রাম জেলার ইজতেমা শেষ হয়েছে। এছাড়া পাবনা, পটুয়াখালী ও কুষ্টিয়াতেও একই ধরনের ইজতেমা শেষ হয়েছে।
কেএইচ





