কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দুই বাংলাদেশির চার দিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে চলছে কান্নার রোল আর নেমেছে এসেছে শোকের ছায়া।
গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সরকারপাড়া চর সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে মামুন (৩০) ও আলিমের (৪৫) কোমর ও পায়ে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হন। তাদের পরিবারের সদস্যদের দাবি বিএসএফের গুলিতে দুইজন নিহত হলে বিএসএফ তাদের লাশ গুম করে থাকতে পারে।
এ ঘটনায় মঙ্গলবার বেলা ১১টার দিকে ১৫৭/৩(এস) সীমান্ত পিলারের সন্নিকটে নোম্যান্স ল্যান্ডে বিবিজি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলে বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশির নিখোঁজ হওয়ার বিষয়টি বিএসএফ অস্বীকার করে।
তবে নিখোঁজ মামুনের ছোট ভাই শিপন (২৮) জানিয়েছেন, বিএসএফ এলোপাতাড়ি গুলি ছুড়লে তার ভাই মামুন ও প্রতিবেশী আলিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় মামুনকে ঘাড়ে করে নিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে মাঠে ফেলে পালিয়ে আসেন শিপন।
পরে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে রক্ত পড়ে থাকতে দেখলেও সেখানে তার ভাইয়ের লাশ বা গুলিবিদ্ধ দু’জনের কাউকে পাওয়া যায়নি।
নিখোঁজ মামুন ডাংয়েরপাড়া গ্রামের মো. আলীর ছেলে এবং আলীম একই গ্রামের মৃত কামু ফকিরের ছেলে বলে জানা গেছে।
এআই
















