কুমিল্লা মহানগরীতে একটি ফ্লাট থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর নতুন চৌধুরী পাড়া এলাকার কবরস্থান সংলগ্ন সুমন ভিলা নামের একটি বাসার ৩য় তলার একটি ফ্লাট থেকে লাশটি পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আবু তাহের সরকারের শ্যালক জুম্মনকে আটক করা হয়েছে। খুনের মোটিভ কিংবা নিহতের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও বাড়ির লোকজন জানান, গত বৃহস্পতিবার সুমন ভিলা নামের ওই বাসার তৃতীয় তলার একটি ফ্লাট ভাড়া নেন এক ব্যক্তি। এ সময় অগ্রিম চার হাজার ভাড়াও পরিশোধ করা হয়।

আটক জুম্মনের ভাবী রাশেদা আক্তার জানান, রোববার সকালের দিকে চার যুবক বাসায় এসে তাদের ভাড়া নেয়া কক্ষ পরিষ্কার করার কথা জানায়। দুপুর পর্যন্ত ওই যুবকরা হয়তো বাসায় ছিল। কিন্তু রাত সাড়ে ৭টার ধাক্কা দিতেই নতুন ভাড়া নেয়া ফ্ল্যটের দরজা খুলে যায়। পরে রাশেদা’সহ বাড়ির লোকজন ভেতরে গিয়ে দেখেন যুবকের জবাই করা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

কুমিল্লার কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন জানান, খুনের মোটিভ কিংবা নিহতের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাকান্ডটি পরিকল্পিত ছিল বলে ধারনা করছে পুলিশ।

তিনি জানান, লাশের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। খুনের রহস্য বের করার জন্য পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এমবি