নাটোরে বন্ধুর ছুরিকাঘাতে জুয়েল (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।
রোববার সকাল ৮টায় নাটোরের লালপুর উপজেলার নছিরার বিলের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে লালপুর থানা পুলিশ।
শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসুদ নামে জুয়েলের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
নিহত জুয়েল পাশের জেলা রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আটক মাসুদ একই গ্রামের রয়েস উদ্দিন মুন্সীর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার বিকেলে জুয়েলকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মাসুদ। এরপর রাত হলেও জুয়েল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে মাসুদ তাদের জানান যে তারা নছিরার বিলে বেড়াতে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা করেছে। ডাকাতরা জুয়েলকে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল কেড়ে নিয়েছে। এই খবরের ভিত্তিতে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
তিনি আরো জানান, সকালে পুলিশ জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাসুদকে আটক ও জুয়েলের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন।
আটক মাসুদ পেশায় একজন নরসুন্দর। পূর্ব বিরোধের জের ধরে তিনি জুয়েলকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে, জানান ওসি।
এমই





