পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শংকরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর, পানি বণ্টন চুক্তি এবং রোহিঙ্গা সংকট গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

মন্ত্রী হিসেবে জয়শঙ্করের প্রথম বাংলাদেশ সফরকে ড. মোমেন ‘সৌজন্য সফর’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে এতে দুই পক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে, যার মধ্যে থাকছে—যোগাযোগ, পানিবণ্টন ও রোহিঙ্গা সংকট।

গতকাল সোমবার রাতে বাংলাদেশ সফরে আসা জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে ভালো ও দৃঢ় সম্পর্ক রয়েছে। আমাদের সম্পর্ককে আরো উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের অনেক বিষয়ই আলোচনা করার মতো রয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক শুরুর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বৈঠক শেষে আলোচনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করা হবে এবং পরবর্তী সময়ে ড. মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে দুপুরের খাবারের আয়োজন করবেন।

বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন এস জয়শঙ্কর। পরে সন্ধ্যায় তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

মন্ত্রী হিসেবে প্রথম বাংলাদেশ সফর শেষ করে আগামীকাল বুধবার সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জয়শঙ্কর।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ককে এগিয়ে নিতে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে ভারত সফর করবেন।

তিনি ৩ ও ৪ অক্টোবর নয়াদিল্লিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দেবেন বলে এক কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এএস