রেলের পশ্চিমজোনে ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রুটে চারটি ‘ঈদ স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ঈদে বাড়ি যাওয়া ও ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসার সুবিধার্থে প্রতিবারের মতোই এ স্পেশাল ট্রেনের সময় সূচী নির্ধারন করা হয়েছে।

তবে ঈদের দিন ও ঈদের পরের দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনের ভাড়া অন্যান্য আন্তঃনগর ট্রেনের সমপরিমাণ।

ঢাকা-পার্বতীপুর রুটে ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেন দুটি এবং ঢাকা-খুলনা রুটে ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন দুটি চলাচল করবে।

পার্বতীপুর স্টেশন মাস্টার আব্দুল জব্বার জানান, প্রতি বছরের মতো এবারও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ৯টি কোচ নিয়ে ঢাকা-পার্বতীপুর রুটে ঈদ স্পেশাল-১ ও ২ এবং সমসংখ্যক কোচ নিয়ে খুলনা-ঢাকা রুটে ঈদ স্পেশাল-৩ ও ৪ বাড়তি চারটি ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে।

ঢাকা-পার্বতীপুর রুটে ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেনে আসন রয়েছে ৭২৮টি। এরমধ্যে প্রথম শ্রেণী ফ্লাট ২৪টি ও শোভন সাধারণ ৭০৪টি।

ঈদ স্পেশাল-২ ট্রেনটি প্রতিদিন সকাল ৬.৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বিকেল ৩.৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকায় দেড়ঘণ্টা বিরতি দিয়ে ঈদ স্পেশাল-১ নামে ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে বিকেল ৫.২০ মিনিটে ছেড়ে পার্বতীপুর এসে পৌঁছাবে রাত তিনটায়।

খুলনা স্টেশন মাস্টার আমিরুল ইসলাম জানান, ঢাকা-খুলনা রুটে ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন ২ টিতে আসন রয়েছে ৫৯২টি।

এরমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বার্থ ৬টি (সিট-৯) প্রথম শ্রেণী বার্থ ১০টি (সিট-১৯টি), শোভন চেয়ার ১০০টি ও শোভন সাধারণ ৪৭৬টি আসন রয়েছে।

ঈদ স্পেশাল-৩ ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১০টায় খুলনা থেকে ছেড়ে রাত ৮.২০ মিনিটি ঢাকায় পৌঁছাবে। ঢাকায় একঘণ্টা ৫মিনিট বিরতি দিয়ে ঈদ স্পেশাল-৪ নামে ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে রাত ৯.২৫ মিনিটে ছেড়ে খুলনায় এসে পৌঁছাবে সকাল ৭টায়।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর