কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে শহর উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও শিশুসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শহর উদ্দিন (৪৫) উপজেলার গোড়াদিঘা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- উপজেলার গোড়াদিঘা গ্রামের মফিজ আলী (৭৫), মফিজ আলীর ছেলে আলী আকবর (২৫), খসরু (২৭), জয়েদ আলীর ছেলে মতি মিয়া (৪৫), মানিক মিয়া (৩৯), মানিক মিয়ার ছেলে নূর আলম (২০) ও ৬ বছরে এক শিশু।

স্থানীয়রা জানায়, বুধবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোড়াদিঘা গ্রামে সাহাবুদ্দিনের একটি গরু শহর উদ্দিনের স্ত্রীর রোদে শুকাতে দেওয়া গোবরের জ্বালানি (ঘুঁটে) নষ্ট করে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শহর উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সাতজন চিকিৎসাধীন রয়েছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, শহর উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমবি