রাজশাহীতে নব্বইয়ের গণঅভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী অন্দোলনে শহীদ ছাত্রনেতা জিয়াবুল হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ‘শহীদ জিয়াবুল তুমি ঘুমাও শান্তিতে, আমরা তোমার চেতনায় সদা জাগ্রত রাজপথে’ স্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপিত হচ্ছে।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শহীদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মহানগরীর হেতমখা গোরস্থানে শহীদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা।
পরে বেলা সাড়ে ১১টার দিকে মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়। অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন। র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
এতে অংশ নেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ, সহসভাপতি অর্ণা জামান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের পেটোয়া বাহিনীর গুলিতে জিয়াবুল মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন ১৯৯০ সালের ২০ নভেম্বর। এরপর ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন। সে সময় থেকেই এ দিনটি শহীদ জিয়াবুল দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শহীদ জিয়াবুল রাজশাহী মহানগরীর মুসলিম হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র থাকা অবস্থাতেই এরশাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
জেআই





