কক্সবাজারে বসতবাড়িতে ঢুকে এক নারীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

কক্সবাজার মডেল থানার ওসি অপারেশন মো: সেলিম এইসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার রাতেই তাদের গ্রেফতারের পর বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

গ্রেফতার তিন পুলিশ সদস্য হলেন- এসআই নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা।

সোমবার বিকালে শহরের মধ্যম কুতুবদিয়াপাড়ার বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন এই ছিনতাইয়ের শিকার হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে ৯৯৯ ফোন করে কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

এরপর আরও দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি সেলিম।

সূত্র জানা গেছে, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়াপাড়ার রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন গ্যাসের দোকান করার জন্য তার আত্মীয়স্বজন থেকে সোমবার (০২ মার্চ) তিন লাখ টাকা সংগ্রহ করে বাড়ি ফেরেন। বিকাল ৪টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় ৫-৬ জন সাদা পোশাক পরা লোক তার বসতবাড়িতে যায়। পরে তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে টাকা দাবি করে। রোজিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় পিস্তল ঠেকিয়ে বেধড়ক মারধর করে সাদা পোশাক পরা লোকজন।