রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের পত্রপুর কালিতলা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাগমারা উপজেলার ভবানীগঞ্জ গ্রামের আবিরজান বেগম (৪০), তার স্বামী আলেক বাক্কার (৫০), রঞ্জিলি রানী (৪২), মোহনপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সইপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী ময়েজউদ্দিনের ছেলে শামিম আহম্মেদ (১৮), পুলিশের উপপরিদর্শক (এসআই) সরকার শরিফুল ইসলামের স্ত্রী লিলুফা বেগম (৩২) প্রমুখ। বাকিদের নাম এখন পর্যন্ত যানা যায়নি।
মোহনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল হামিদ জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে রাজশাহীগামী (রংপুর-জ-০৫-০০৪৯) ও বিপরীত দিক থেকে নওগাঁগামী এসবি পদ্মা রাজশাহী-(৪-১৮২৪) নামে দুটি বাস আসছিল। উপজেলার পত্রপুর কালিতলা ব্রিজের দক্ষিণ পাশে ভুটভুটিকে সাইড দিতে গিয়ে ওই দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে শিশু-নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
ঘটনার পর ওই রাস্তায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
কেএইচ





