সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর এলাকায় ময়লা না ফেলতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছে কুতুবপুর এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা।

সোমবার থেকে ওই এলাকায় ময়লা ফেলা বন্ধ করা না হলে সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি দেয়ারও ঘোষণা দেন তারা।

তারা জানান, যদি ঘেরাও কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর দায়দায়িত্ব মেয়রকেই নিতে হবে। ওই সময় এছাড়া লিংক রোডের ওই ময়লার স্তুপে কোনো ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে ওই মামলায় মেয়র আইভীকে আসামি করারও হুশিয়ারি দেয়া হয়।

রোববার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কুতুবপুরে ময়লার স্তুপের সামনে কুতুবপুরবাসীর ব্যানারে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে ও দূষণমুক্ত পরিবেশ দাবি করে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ হুশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনে রামারবাগ, কুতুবাইল এলাকাবাসী ছাড়াও কয়েকটি মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেন।

স্থানীয় বিশিষ্ট শিল্পপতি মো. শাহজামালের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি আবু হাসনাত মুহাম্মদ শহীদ বাদল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুর রহমান নিলু, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মুহাম্মদ শরীফুল হক, মজিবর রহমান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন, লুৎফর রহমান, হুমায়ন কবির হুমায়ন, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, নজরুল ইসলাম, জুয়েল, সাইনবোর্ড এলাকার রাজ্জাক বেপারী, রাজ্জাক ফকির প্রমুখ।

জেআই