ফিলিস্তিনের গাজার সাধারণ মানুষের উপর ইসারাইলের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার এ বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশের প্রধান ইসলামিক রাজনৈতিক দলটি।
এদিন বেলা সাড়ে ১০টার দিকে মহানগরীর রানী বাজার এলাকা থেকে তারা একটি মিছিল বের করে। মিছিলটি মহানগরীর সাহেব বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হেতেমখান চৌরাস্তায় এক সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান ও সিনিয়র সহকারী সেক্রেটারী ডাক্তার মুহাম্মাদ জাহাঙ্গীর।
গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি হামলা বন্ধ করা না হয় তাহলে মুসলিম বিশ্ব তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশের মুসলিম সমাজকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানান জামায়ত নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, মাহবুবুল আহসান, শ্রমিক নেতা সারওয়ার জাহান, প্রচার সম্পাদক শাহাদাত হোসাইন ও শিবিরের নগর সেক্রেটারি নাফিস রাইয়ান প্রমুখ।
ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





