রাজশাহীতে বিভিন্নস্থানে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল  নিক্ষেপে করে জামায়াত-শিবির কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে। জামায়াত-শিবির কর্মী সন্দেহে পুলিশ ১০জনকে আটক করেছে।      

পুলিশ জানায়, রায় ঘোষণার পর বুধবার দুপুরে মহানগরীর কোর্টস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ এসময়  তাদের সরিয়ে দিতে রাবার বুলেট ও টিয়ারসেল ব্যবহার করে। একপর্যায়ে জামায়াত-শিবির কর্মীরা আটক এড়াতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহানগরীর বিনোদপুর এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা একত্রিত হয়ে মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবির কর্মী সন্দেহে ১০ জনকে আটক করে পুলিশ।

একই সময়ে মহানগরীর আশরাফের মোড় এলাকায় জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।  পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সার্বিক বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) তানভীর হায়দার চৌধুরী জানান, মহানগরীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্পর্শকাতর স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

জেআই