বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
দুপুরে রাজশাহী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।
এতে বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিটন, সাধারণ সম্পাদক শাহ মঈনুল হোসেন চৌধুরী শান্ত, জেলার সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতা ধরে রাখতে অবৈধ এ সরকার বিএনপিকে কোনঠাসা করতে উঠেপড়ে লেগেছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। মিথ্যা মামলায় হয়রানি, রাজনৈতিক কারণে আটক-নির্যাতন এমনকি খুন-গুম করছে। বিচারের নামে প্রহসন করে সাজা দিচ্ছে। রাজনীতি থেকে দূরে রাখতে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।
অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও আটক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন নেতারা।
এদিকে, দীর্ঘ দিন পর রাজশাহী ছাত্রদলের বৃহৎ এ তিনটি ইউনিট একত্রে কর্মসূচি পালন করায় উৎফুল্ল কর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচিসহ আগামী সরকারবিরোধী আন্দোলন ত্বরান্বিত করবে এ ঐক্য এমনটিই মনে করছেন নেতাকর্মীরা।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। এছাড়া গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার ছিলো। এ নিয়ে নগরজুড়ে কোনো অপ্রতীকির ঘটনা ঘটেনি।
কেএইচ





