রাজশাহী রেলওয়ে স্টেশনে মোটরশ্রমিকদের হামলায় জিআরপি ও নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার কুদরত উল্লাহ জানান, রবিবার রাত ৩টার দিকে রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে মোটরশ্রমিক ইউনিয়নকর্মী ও স্থানীয় যুবক রমজান আলীসহ কয়েকজন গাঁজা সেবন করছিলেন। এসময় রেলওয়ে নিরাপত্তা প্রহরী কাউসার আলম তাদের বাধা দেন এবং প্ল্যাটফর্ম ত্যাগ করতে বলেন। এ নিয়ে ওই যুবকদের সঙ্গে কাউসারের কথাকাটাকাটি হয়।
ওই ঘটনার জের ধরেই সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কলারবয় রমজান ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ইস্রাফিলসহ ৩০-৪০ জন লোক লোহার রড় ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্টেশনে এসে ভাঙচুর ও দায়িত্বরত নিরাপত্তা প্রহরী কাউসারকে মারধর শুরু করেন। কাউসারকে বাঁচাতে গিয়ে জিআরপি সদস্য জহুরুল, রাসেল ও সৈয়ম আহত হন।
খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হন এবং কনস্টেবল রোকনুজ্জামানকে মারধর করে রাইফেল কেড়ে নেয়ার চেষ্টা করেন। এসময় জিআরপির এসআই সাহাবুল, হাসিবুল, কনস্টেবল বাদশা মিয়া ও রোকনুজ্জামান আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিআরপি থানা পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে স্থানীয়দের হামলার খবর পেয়ে মহানগর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের উদ্ধার করে।
রাজশাহী মহানগর পুলিশের সহাকারী কমিশনার ইফতেখার আলম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মহানগর পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয় কয়েকজন যুবক ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা স্টেশনে হামলা চালান। তারা পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করেন। তাদের হামলায় রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাবের মোবাইল নম্বরে ফোন করা হলে তার সহযোগী সোহেল রানা আলী জানান, সাধারণ সম্পাদক ব্যস্ত আছেন। তবে স্টেশনে হামলার ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেন তিনি।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





