সারাদেশে জঙ্গি হামলাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাব, পল্টন ও নয়াপল্টনে মানববন্ধন, বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের উদ্যোগে মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে নয়াপল্টন মসজিদ গলির সামনে গিয়ে শেষ হয়।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রজন্ম লীগের সভাপতি মনির আহমেদ মনার নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী নিয়ে মিছিল শেষে একটি সমাবেশেও অনুষ্ঠিত হয়।

সমাবেশে মনা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, সন্ত্রাস ও স্বাধীনতা বিরোধীদের নির্মূলের যে অভিযান শুরু হয়েছে তার প্রধান হাতিয়ার হবে নতুন প্রজন্ম। নতুন প্রজন্মই পারে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে।

তিনি আরো বলেন, এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিহত করার আহবান জানান তিনি।

এ সময় সাধারণ সম্পাদক টুটুল বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ লিপু, মোহাম্মাদ আলী, মোহাম্মদ রব্বানী, ডালিম মিয়া, এমএল মিয়া, আবুল কাশেম, নজরুল ভূইয়া, বাবু মিয়া ও আবু সাঈদ ভীষু প্রমুখ।

ওএফ