চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোঃ হেলাল উদ্দিন (৩৫) নামের এক প্লাইউড ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তাঁকে মারধর করে নগদ টাকা নিয়ে যায়।

রোববার ১১ অক্টোবর রাতে সাতকানিয়ার আঁধার মা’র দরগার দক্ষিণ পার্শ্বে মহাসড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। হেলাল কালিয়াইশের রসুলাবাদ এলাকার মৃত আহমদ ছফার ছেলে। সেই নাইক্ষ্যংছড়িতে প্লাইউডের ব্যবসা করেন।

ছিনতাইয়ের শিকার মোঃ হেলাল জানান, মোটরসাইকেল করে রবিবার রাতে কিছু যন্ত্রাংশ ক্রয়ের জন্য মোটর সাইকেলযোগে কেরানীহাটে যাওয়ার পথে মহাসড়কের আঁধার মা’র দরগার দক্ষিণ পার্শ্বে পৌছার পর পেছন থেকে কে বা কারা হেলাল ভাই বলে চিৎকার দেয়। তখন আমি মোটর সাইকেল থামানোর সাথে সাথে ৩ জন ছিনতাইকারী এসে আমাকে টেনে অন্ধকারে নিয়ে যায়।

এরপর তারা আমার কাছে ইয়াবা আছে উল্লেখ করে শরীরে তল্লাশী শুরু করে। তখন আমি প্রতিবাদ করলে তারা আমাকে মারধর ও পকেটে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে চিৎকার করতে করতে কিছুদূর দৌড়ে এসে অপর একজনের মোটর সাইকেলযোগে কেরানীহাট উলা মিয়া মার্কেট সিএনজি স্টেশন এলাকায় চলে আসি।

সেখানে পৌছার পর আমার সাথে থাকা টাকার ব্যাগ সিএনজি চালকদের কাছে রেখে দ্রুত কেরানীহাট পুলিশ বক্সে যায়। পরে পুলিশ আমাকে নিয়ে ঘটনাস্থলে যান, কিন্তু ততক্ষনে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন জানান, ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত আমি ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।

 

কাএস/এএস