হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে ভারতে পাচারের সময় তিন শিশু উদ্ধার ও এক পাচারকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়ারা।
রোববার সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে শিশুগুলোকে উদ্ধার ও পাচারকারীকে আটক করে নিয়ে থানায় আসে।
উদ্ধার হওয়া তিন শিশু হলো- হাকিমপুর উপজেলার ইটাইবাওনা গ্রামের এনামুল হকের মেয়ে রিয়া মনি (১০), ছেলে আলিফ রহমান জয় (৬) ও পৌরসদরের উত্তর বাসুদেবপুর গ্রামের মাহফুজার রহমানের ছেলে মেহেদুল ইসলাম মাহিন (৬)।
পাচারকারী জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তেলাবতুল মুন্সিপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে মাফিজুল ইসলাম (৩০)। রিয়া মনি ইটাইবাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং জয় একই এলাকার ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
পুলিশ ও শিশুগুলোর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার ইটাইবাওনা গ্রামের রিয়া মনি ও তার ভাই জয় পরিবারসহ তাদের নানা বাড়ি হিলির উত্তর বাসুদেবপুরের কালিগঞ্জ গ্রামে বেড়াতে আসে।
রোববার সকালে তার মামাত ভাই মাহিনকে সঙ্গে নিয়ে হিলি রেলওয়ে স্টেশনে ট্রেন দেখতে যায়। এ সময় মাফিজুল ইসলাম শিশুগুলোকে তাদের বাবার বন্ধু পরিচয় দিয়ে তাদের সেখান থেকে ভ্যানে করে নিয়ে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকাতে নিয়ে যায়। পরে সেখানে শিশুগুলো কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা এগিয়ে গেলে পাচারকারী শিশুদের ফেলে রেখে পাশের মাদ্রাসার টয়লেটে গিয়ে লুকায়। এ সময় স্থানীয়রা শিশুগুলোকে উদ্ধার করে ও পাচারকারীকে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে শিশুদের ও পাচারকারীকে থানায় নিয়ে যায়।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, রোববার সকালে শিশু পাচারের খবর পেয়ে অফিসার্স ইনচার্জ আমাকে বিষয়টির দায়িত্ব দিলে আমি ঘটনাস্থলে গিয়ে বাচ্চা তিনটিকেসহ আসামিকে থানায় নিয়ে আসি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
এম আর





