রাজশাহীর কাটাখালী আদর্শ কলেজের অধ্যক্ষকে মারধরের মামলায় কলেজের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষকের নাম সিরাজুল ইসলাম।
শনিবার সকালে মহানগরের মতিহার থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সিরাজুল ইসলাম কাটাখালী পৌর বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে।
মহানগরের মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, সকালে শ্যামপুরের বাড়ি থেকে বিএনপি নেতা সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কাটাখালী আদর্শ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন মামলা করেছেন। এছাড়া সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিগত সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্র ভাঙচুরের মামলাও আছে।
এদিকে, অধ্যক্ষ জয়নাল আবেদীন জানান, সিরাজুল কলেজে দায়িত্ব পালন না করে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এ নিয়ে তাকে বলা হলে এর আগে কয়েক দফা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। সম্প্রতি কলেজে আমাকে মারধর করা হলে আদালতে মামলা করতে বাধ্য হই।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





