একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে রাজশাহীতে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিলে গুলি করেছে পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
রোববার বেলা ১ টার দিকে নগরীর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের অন্তত: পাঁচ নেত-কর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডে রায় প্রত্যাখান করে দুপুরে শালবাগান এলাকার আলম পেট্রোল পাম্পের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। তারা মিছিলটি নিয়ে শালবাগান মোড়ের দিকে যাচ্ছিলো। পুলিশ সেখানে পেছন থেকে মিছিলে গুলি চালায়।
একই সময় শালবাগান পাওয়ার হাউসের দিক থেকে পুলিশের আরেকটি দল বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা।
পরে পুলিশ আরও বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুঁড়লে বিক্ষোভকারীরা সপুরা এলাকার দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নুর হোসেন বলেন, জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের রাবার বুলেট ও শর্টগানের ফাঁকাগুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।
তবে কাউকে আটকও করা যায়নি।
জেএ





