রাজশাহীর মোহনপুরে যমুনা জুটমিলে অগ্নিকাণ্ডে ময়ফুল বিবি (৩২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মহানগরীর কাপাসিয়া এলাকার ইয়াছিন আলীর স্ত্রী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছে যমুনা জুটমিল কর্তৃপক্ষ।

রাজশাহী দমকল বিভাগের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, প্রথমে জুটমিলের পাটের গোডাউনে আগুন লাগে। এর ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। এ কারণে দমকল বিভাগের কর্মীরা প্রথমে গোডাউনের ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি। পরে গোডাউনের ছাদের টিন খুলে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করেন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে ময়ফুল বিবি নামের এক নারী শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আগুন নেভাতে দমকল বিভাগের সাতটি ইউনিট একযোগে কাজ করছে।

যমুনা জুটমিলের ম্যানেজার কামাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ