কুষ্টিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইমরান নাজির (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর ফাঁসির দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠি ও এলাকাবাসী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর জগতী থেকে লাশ কাঁধে নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় নিহত ইমরান হোসেনের আত্মীয়-স্বজন, সহপাঠি ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।
পরে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্ব্বোচ্চ শাস্তির ব্যবস্থা ও অভিযোগকারী পুলিশের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করলে তারা স্থান ত্যাগ করে।
এ সময় নিহতের দাফনের জন্য জেলা প্রশাসক ১০হাজার টাকা তার স্বজনের হাতে তুলে দেন।
উল্লেখ্য, সোমবার সন্ধায় শহরতলীর জগতির ৩নং কলোনীর ফুটবল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইমরান হোসেনের সঙ্গে কালো ইমনের বিরোধ বাধে। এক পর্যায়ে কালো ইমনের ছুরি দিয়ে ইমরানের বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমরান।
কেএইচ





