আবাসিক এলাকা, কলকারখানা, হোটেল রেস্তোরায় দ্রুত গতিতে গ্যাসের সংযোগ নিশ্চিত এবং সিএনজি ষ্টেশন স্থাপনে গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও পশ্চিমাঞ্চল গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
বুধবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
গ্যাস এখন দাবি নয়, অধিকার এই স্লোগানে এ কর্মসূচি থেকে শুধু বাসাবাড়িতে নয়, কলকারখানা এবং হোটেল ও রেস্তোরায় দ্রুত গতিতে গ্যাসের সংযোগ নিশ্চিতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে সকালে মহানগরীর আলিফ লাম মীম ভাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ইনচার্জ প্রকৌশলী তোফায়েল আহম্মেদের মাধ্যমে পেট্রোবাংলার চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়।
ঘেরাও কর্মসূচি চলাকালীন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও কাউন্সিলর বেলাল আহমেদ, রাজশাহী চেম্বারের প্রাক্তন পরিচালক এম শরিফ, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, জেলা মিশুক ও টেম্পুচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, মিশুক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নারী নেত্রী শামসুন নাহার, ব্যবসায়ী নেতা আইয়ূব আলী তালুকদার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা ফেরদৌস ইমাম, সমাজসেবক মিনহাজ উদ্দীন মিন্টু, যুবনেতা আনোয়ার হোসেন রুবেল প্রমুখ।
জেআই





