চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী শিপন (১৪) নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজার সংলগ্নে বালুবাহী ট্রাকচাপায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা গ্রামের বেপারী বাড়ীর মৃত দুলাল হোসেনের ছেলে। সে বেলচোঁ ফাযিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী হাজীগঞ্জ উপজেলার পাঁচৈই গ্রামের কাজী রতন বলেন, দুই বন্ধু দুই সাইকেল নিয়ে বেলচোঁ বাজারে যাচ্ছিল। অপরদিক থেকে রামগঞ্জগামী বালুবাহী ট্রাক শিপনের সাইলকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিপন মারা যায়।
স্থানীয় বাসিন্দা নেওয়াজ শরীফ বলেন, নিহত শিপনের বাবা নাই। সংসারে মা আর দুই বোন রয়েছে। পড়ালেখার পাশাপাশি সে ইলেকট্রিক কাজ করে সংসারের চালাতো।
এদিকে উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু বাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।
এমআইএস।





