বগুড়া শহরে ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত নারী ও গাবতলীতে রেলওয়ে ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে গাবতলী উপজেলার নারুয়ামালায় রেলওয়ে ব্রীজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার গায়ে সার্ট এবং প্যান্ট পরা আছে। খবর ছড়িয়ে পড়ার পর এলাকার বিপুল সংখ্যক লোক লাশটি এক নজর দেখার জন্য ভিড় করছে। তবে, কেউ লাশটি চিনতে পারেনি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে বলে গাবতলী মডেল থানার এসআই লাল মিয়া জানিয়েছেন।
অপরদিকে সোমবার বিকেলে বগুড়া শহরতরীর চান্দপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে সদর থানার পুলিশ বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুরের পর কোন এক সময় কে বা কারা গ্রামের ধান ক্ষেতে একটি বস্তা ফেলে রেখে যায়। বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করে। লাশে পচন ধরে চেহারা বিকৃত হওয়ায় কেউ চিনতে পারছে না। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে ওই নারীকে অন্য কোথাও হত্যা করে সোমবার ধানক্ষেতে ফেলে রেখে গেছে।
এমই





