নাটোরে গর্ত থেকে এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় মেলেনি। বয়স আনুমানিক ৩০ বছর।

বুধবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিলগোপালহাটি এলাকার একটি আমবাগানের পাশের গর্ত থেকে ওই নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা ছিল।

পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই নারীকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলেও তাদের ধারণা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ঝড়ের সময় স্থানীয় লোকজন বিলগোপালহাটি এলাকার একটি আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় তারা বাগানের পাশের একটি গর্তে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই নারীকে ধর্ষণ করা হতে পারে।

তিনি জানান, লাশটি উপুড় করে রাখা ছিল। মাথা ছিল না। নারীর পরনে সালোয়ার, কামিজ ছিল। একপাশে এক জোড়া স্যান্ডেল ও টিশার্ট পড়েছিল। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর হবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এমবি