যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে সোমবার রাতে চোরাচালানীদের হামলায় ৬ জন আহত হয়েছেন।
সোমবার রাত ১০ টার সময় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেনাপোলের ভবারবেড় গ্রামের সেলিম, আলাউদ্দিন, ইলিয়াস ও ফিরোজসহ একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে সাদিপুর সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় সাদিপুর গ্রামের দুই যুবক বাগানের আমচোর সন্দেহে তাদের উপর টর্চলাইটের আলো ফেললে উত্তেজিত হয়ে ওঠে চোরাচালানীরা। পরে রাত সাড়ে ১০টার দিকে চোরাচালানীরা দলবদ্ধ হয়ে সাদিপুর মোড়ে এসে গ্রামবাসীর ওপর হামলা চালায়।
চোরাকারবারীদের হামলায় সরজত আলীর ছেলে জসিম উদ্দিন (২৮), আব্দুল করিমের ছেলে লাবলু (৩৪) ও মিয়ারাজ (২২), মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান লাবলু (২৩) সহ দুই পথচারী আহত হন।
খবর পেয়ে গ্রামের লোকজন এগিয়ে এলে চোরাচালানীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এদের মধ্যে মেহেদী হাসানের অবস্থা গুরুতর।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
এমকে





