নরসিংদীর মেঘনা নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে বায়েজিদ (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিখোঁজ রয়েছে আরো ৬ যাত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী সদর উপজেলার বগারগোত গ্রামের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরানচর থেকে ৬০/৭০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা একই উপজেলার করিমপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী বগারগোত গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি দীর্ঘপথ পাড়ি দিয়ে বগারগোত এলাকার কাছাকাছি পৌঁছার পর উত্তর দিক থেকে ধেয়ে আসা প্রচন্ড ঝড়ের কবলে পড়ে। এতে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় যাত্রীদের অনেকে সাতঁরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থেকে যায় ৬ জন। ঝড় থামার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে বায়েজিদ নামে এক শিশুর লাশ উদ্ধার করে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম আবুল কাসেম জানান, নৌকাডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো ৬ যাত্রী নিখোঁজ রয়েছে।

কেএইচ