বাগেরহাটের পূর্বসুন্দরবন বিভাগের শরণখোলায় একটি মৃত রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (১৯ মার্চ) রাত ৮ টার দিকে বনজীবিরা রেঞ্জের ভোলা নদীর পাশে ধনচেবাড়িয়ার চরে ওই মৃত বাঘ দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়। মৃত এই মাদী বাঘটি লম্বায় ৭ ফুট ও আনুমানিক বয়স ১৫ বছর।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: জয়নুল আবেদীন বনরক্ষীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে বাঘের মৃতদেহটি উদ্ধার করেছে।

বাগেরহাট পূর্বসুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতা মুহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত বাঘটির শরীরে কোন আঘাতের চিহৃ নেই। শরীরের কোন অঙ্গ পতঙ্গও কেটে নেয়নি। ধারণা করা হচ্ছে ১৫ বছর বয়সী এই মাদী বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেয়ে থাকতে পারে। মৃত বাঘটিকে রাতেই শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। শনিবার (২০ মার্চ) সকালে এই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ০৩ ফেব্রুয়ারি শরণখোলা রেঞ্জের ছাফড়াখালী এলাকা থেকে একটি বাঘিনীর মৃতদেহ উদ্ধার হয়। মৃত ও বাঘটির পেছনের একটি অংশ কুমিরে খাওয়া অবস্থায় সেটিকে বন বিভাগ উদ্ধার করে ময়নাতদন্তের পর মাটি চাপা দিয়েছিল।

এমবি