যারা এ দেশের স্বাধীনতা চায়না, এই দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন পছন্দ করে না এমন একটি সংগঠনের সদস্যরাই হোসেনি দালানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বোমা বিস্ফোরণে আহতদের দেখে ফেরার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লার খুনিরাই হোসেনি দালানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড এবং এএসআই খুনের ঘটনায় আটকৃতের তথ্যমতে অভিযান চালিয়ে যে বোমা ও বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে, হোসেনি দালানে বিস্ফোরিত বোমার সঙ্গে মিল রয়েছে।
ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধীদের যোগসূত্র থাকতে পারে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এএসআই ইব্রাহিম মোল্লার খুনিরা এবং এরা একই ধরনের একটি সংগঠনের সদস্য। তারাই এই হোসেনি দালানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছে। যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুরান ঢাকার হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শতাধিক লোকজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সানজু নামের একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এমআর/এমকে





