আগামী জাতীয় সংসদ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকশন কমিশনকে (ইসি) কারিগরি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে এ আশ্বাস দেয়া হয়।

এতে ইসিকে জানানো হয়েছে, শিগগিরই জাতিসংঘের ‘প্রজেক্ট ফরমুলেশন টিম’ বাংলাদেশ সফরে এসে নির্বাচনী সহায়তা প্রকল্প তৈরি করবে।

ওই প্রকল্পের আওতায় নির্বাচনী উপকরণ কেনা, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ভোটার এডুকেশনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা হবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দলের বর্জনের মুখে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।এর পরের বছর ২০১৫ সালের মাঝামাঝিতে ইসি শক্তিশালীকরণ সংশ্লিষ্ট একটি প্রকল্পের মেয়াদ শেষের আগেই তাতে অর্থছাড় বন্ধ করে দেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

‘স্ট্রেংথিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ (এসইএমবি)’ শীর্ষক প্রকল্পটি ২০১১ সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হওয়ার কথা ছিল।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন সব দলকে নিয়ে নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়ার পর নির্বাচনী সহায়তায় নতুন প্রকল্প নেয়ার কথা ইসিকে জানাল জাতিসংঘ। আর এ সহায়তা দেয়ার ঘোষণা ইতিবাচক দৃষ্টিতে দেখছে কমিশন।

এমবি