৭ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ সফল করতে দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কাজির দেউরি মোড়ে এসে জড়ো হন। বিকেল ৪টায় কাজির দেউরি ভিআইপি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নাসিমন দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড়া আর কেউ নিরাপদ নন। এ সরকারের আমলে বিদেশিদের হত্যার মতো ঘটনাও ঘটেছে।

তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন। ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা প্রকাশ্যে অস্ত্রবাজি করলেও পুলিশ তাদের ধরে না। হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেয়া ১০ টাকার চাল বিতরণ নিয়েও চলছে হরিলুট।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াছিন চৌধুরী লিটনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

মাসুম/জারিফ