বিচারকদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে মহানগর জামায়াত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মহনগরের সোনাদিঘী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজশাহী লোকনাথ স্কুলের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতারা অবিলম্বে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করার ‘ষড়যন্ত্র’ থেকে বিরত থাকার আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মাদ জাহাঙ্গীর। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান ও মাইনুল ইসলাম প্রমুখ।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





