বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ই-টোকেন ছাড়া আগামী ২২ অক্টোবর ভারতীয় ভিসা দেয়া হবে। ১৮ বছরের বেশি বয়সী পূর্ণকালীন শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।
আজ মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ অক্টোবর কোনো ই-টোকেন অথবা আগাম অনলাইন সাক্ষাৎসূচি ছাড়াই উল্লেখিত শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (বাড়ি #১২, সড়ক # ১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২) এই সুবিধা পাওয়া যাবে।
শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা কলেজের দেয়া মূল পরিচয়পত্র (আইডি কার্ড) সাথে আনতে হবে। ভিসার আবেদনপত্রের সাথে পরিচয়পত্রের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার সুবিধা দিতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে সৌজন্যমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
এমবি
















