রংপুরের বদরগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলামের (বীর প্রতীক) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সেনা কর্মকর্তার ছেলে ইমরান আলি আহত হন।

সোমবার দিবাগত রাত ২টায় পৌর শহরের পকিহানা মহল্লায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পিকআপভ্যানে করে তার বাড়িতে আসেন। ডাকাতরা এ সময় আশপাশের সব বাড়ির দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন, যাতে কেউ বাহিরে বের হতে না পারেন।

পরে ডাকাত দল সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি সোনা লুট করে। এ সময় ইমরান আলি বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে আহত হয়।

আহত ইমরান আলি জানান, ডাকাতদের গায়ে গেঞ্জি, পরনে মালকাচা দেওয়া লুঙ্গি এবং প্রত্যেকের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আ. লতিফ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সন্দেহভাজনসহ মালামাল উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে।

এএইচ