ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেবে ভারতে ক্ষমতাসীন এনডিএ সরকার। এর মাধ্যমে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা হবে।
বুধবার আসামে এক নির্বাচনী জনসভায় রাজনাথ সিং এ কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশ সৃষ্টির দিন থেকেই ভারতে অনুপ্রবেশ অব্যাহত আছে।”
আসামে বিধানসভা নির্বাচন আগামী ৪ ও ১১ এপ্রিল। এ নিয়ে চলছে প্রচারকাজ। এ রাজ্যে এখন ক্ষমতাসীন কংগ্রেস পার্টি। তিনি তাদের তীব্র সমালোচনা করেন।


রাজনাথ সিং বলেন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার দিন থেকেই ভারতে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বাংলাদেশী এসব অনুপ্রবেশকারী ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে। এর কারণ কি, কেন কংগ্রেস এসব অনুপ্রবেশকারীদের থামাতে পারে নি? কেন ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সিল করে দেয়া হয় নি।
ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার এ বিষয়ে কি করেছে সে বিষয়ে তিনি বলেন, মাত্র কয়েক মাস আগে আমি ভারত-বাংলাদেশ সীমান্ত সফর করেছি। এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছি।

আমাদের কিছুটা সময় প্রয়োজন। তারপরই আমরা ভারত-বাংলাদেশী সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেব, যাতে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা আর ভারতে প্রবেশ করতে না পারে। -পিটিআই।

এম আর