ডাকাতিতে বাধা দেওয়ায় টাঙ্গাইলে এক সাবেক সেনাসদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার গভীর রাতে কালিহাতী উপজেলায় নিহত রমজান আলী (৫৫) উপজেলার ইছাপুর মধ্যপাড়া গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে।

কালিহাতী থানার ওসি শহিদুল ইসলাম জানান, রমজান আলীর ছোট ছেলে রোকন দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা থাকায় তার স্ত্রী ছেলেকে নিয়ে ঢাকায় যান। বাড়িতে তিনি ও তার পুত্রবধূ ছিলেন।

প্রতিবেশীর বরাত দিয়ে ওসি জানান, রাত ২টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত গ্রিল কেটে ঘরে ঢুকে পুত্রবধূর হাত-পা বেঁধে লুটপাট শুরু করে।

“রমজান আলী বিষয়টি টের পেয়ে পাশের ঘর থেকে বেরিয়ে এসে ডাকাতদের বাধা দেন।

“ওই সময় ডাকাতরা তাকে বালিশ দিয়ে চাপা দিয়ে শ্বাসরোধ করে এবং ছুরিকাঘাতে হত্যা করে।”

পরে ডাকাতরা একটি পালসার মোটর সাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যায় বলে জানান ওসি।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ